সূর্য হারে না

আপডেট : ২৭ মে ২০২১, ২১:০০

সন্ধ্যায় রোজ সূর্যটা ডোবে, বলে সে যাবার বেলা

দ্যাখো দ্যাখো দ্যাখো, আকাশের বুকে চলছে কেমন খেলা।

আলোকে গিলতে চাইছে আঁধার চলছে নীরব যুদ্ধ

আলো চাইছে সে আঁধারের কাছে হবে না যে অবরুদ্ধ।

 

কী কথা বলতে চায় সূর্যটা?

তার কাজ জানি ডোবা আর ওঠা

ওঠে পুবে রোজ ডোবে পশ্চিমে

উজ্জ্বল রোদ হয় টিমটিমে

যেন সে বাতির সলতে

কী চায় সূর্য বলতে?

 

আলো-আঁধারের এই খেলা দিয়ে বলে সে অনেক কিছু

যদি চাও তুমি বুঝতে সে কথা হাঁটো সূর্যের পিছু।

থাকে কি আঁধার দীর্ঘ সময়? হারে সে আলোর কাছে

সূর্যের তেজ আর গুণাগুণ সকলের জানা আছে।

 

কুকুরে বেড়ালে বন্ধুতা হয়? মুরগির সাথে শেয়ালের?

আঁধারের সাথে আলোর দ্বন্দ্ব, শূন্যের সাথে দেয়ালের।

কাঁটা আছে পথে, বাধা শত শত তাই বলে চলা বন্ধ?

ঝোপঝাড় কেটে তৈরি বাগানে রয়েছে ফুলের গন্ধ।

 

নদী চলে তার নিজের গতিতে তবু পথ আঁকাবাঁকা

সূর্য শেখায় মাথা উঁচু করে আমাদের বেঁচে থাকা।

বলছে সূর্য সোজা হয়ে হাঁটো, ধীরে নয় জোরে জোরে

সূর্য হারে না, চলো হাঁটি সব সূর্যের পথ ধরে।