মায়ের খোঁজে

আপডেট : ২৭ মে ২০২১, ২১:০০

পূর্ণিমার ঐ চাঁদ উঠেছে কাঁঠালচাঁপার ফাঁকে

চোখের কোণে জমছে পানি, পড়ছে মনে মাকে

মায়ের কথা ভাবছি যত ততই হারাই দিশা

হূদয়ঘরে ঝড় উঠেছে বাঁধছে অমানিশা...

 

বাবা যখন দূরে ছিলেন, আগলে রেখে নিজে

অনাহারে ছিলেন তিনি এক কাপড়ে ভিজে

ভাতের মাড়ে পেট ভরাতেন মলিন হাসি মুখে

দুখের আগুন জ্বলতো শুধু ব্যথায় ভরা বুকে।

 

একলা ঘরে কাঁদতো সদা কাঁপন ছিল জ্বরের

চাল উড়ে যায় ঘর ভেঙে যায় দমকা হাওয়া ঝড়ের।

ভোরের আলো হাসতো যখন মা ডেকে কয়, ওরে

ভয়ে ছিলাম বাঁচবো কি না, রাখবো কোথায় তোরে!

 

মায়ের বুকের গন্ধ নিয়ে ঘুমিয়ে যেতাম রোজ

আজো আমি ঘুমের ঘোরে মাকে করি খোঁজ।