সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ মে ২০২১, ২১:১৩

বিভিন্ন ইউনিয়নের বাজেট ঘোষণা

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

আটোয়ারী (পঞ্চগড়) : আটোয়ারীর বলরামপুর ইউনিয়ন পরিষদের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে বাজেট ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন বলরামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান। ইউপি সচিব মো. নুরুজ্জামানের সঞ্চালনায় উন্মুক্ত বাজেটের ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বলরামপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা। এ সময় ২০২১-২২ অর্থবছরের প্রণীত খসড়া বাজেট অনুযায়ী ৯৮ লাখ ৫০ হাজার টাকা আয় এবং এর বিপরীতে সমপরিমাণ অর্থ ব্যয় নির্ধারণ করে এ বাজেট ঘোষণা করা হয়।

পলাশ (নরসিংদী) :পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ২ কোটি ১৫ লাখ ৬৪ হাজার ৯৪৫ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন।

সিংড়া (নাটোর) : সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের হলরুমে ২ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। পরিষদের চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলার সভাপতিত্বে পরিষদের সচিব মো. ইসমাইল হোসেন এ বাজেট ঘোষণা করেন।

মাছ চাষবিষয়ক প্রশিক্ষণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা পার্বত্য চট্টগ্রাম মত্স্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার মানিকছড়িতে কার্পজাতীয় মাছের মিশ্র ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ২০ জন মাছচাষিকে নিয়ে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। আগামী ২৯ মে সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের খাগড়াছড়ির মিনি হ্যাচারিতে প্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন কোর্স সমন্বয়ক ও উপজেলা মত্স্য কর্মকর্তা প্রণব কুমার সরকার।

অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ বিষয়ে আলোচনা

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোলে বৃহস্পতিবার অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক সরকার।

কৃষকের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে বৃহস্পতিবার মাঠ পর্যায়ের কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক এম এ মতিন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নারী ও শিশুর স্বাস্থ্যবিষয়ক মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় বৃহস্পতিবার করোনাকালে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় আমাদের করণীয়বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা নারী প্রগতি সংঘের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জনউদ্যোগ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।

নিরাপদ মাতৃত্ব দিবসে র্যালি ও সভা

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার নিরাপদ মাতৃত্ব দিবসে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আ. খালেক আখন্দ। কমপ্লেক্স চত্বরে র্যালি প্রদক্ষিণ শেষে সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সৌহার্দ্য টেকনিক্যাল অফিসার মাহফুজা মিলি, স্বাস্থ্য সহকারী সুলতান প্রমুখ।