নোয়াখালীতে নিজ দোকানের সামনে ঝুলছিল ব্যবসায়ীর লাশ

আপডেট : ২৭ মে ২০২১, ২২:০৩

জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মো. জুয়েল (৩৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করে নিজ দোকানের শাটারের সঙ্গে তার লাশ ঝুলিয়ে  রাখে দুর্বৃত্তরা। নিহত জুয়েল স্থানীয় ড্রিম ওয়ার্ল্ড পার্কসংলগ্ন পোলের গোড়ায় মুদি-ভ্যারাইটিজ মালামালের ব্যবসা করতেন। তিনি ঐ গ্রামের আবুল কালামের ছেলে।

 জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন জুয়েলের দোকানের শাটারের আংশিক খোলা এবং তার লাশ শাটারের সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে  খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবারের  লোকজন জানান, জুয়েল প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান । পরে একটি ফোন পেয়ে  তিনি দোকানে  আসেন। এর পর তিনি আর বাড়িতে ফিরে আসেনি। নিহতের পিতা আবুল কালাম অভিযোগ করেন, তার ছেলেকে পরিকল্পিত হত্যা  করা হয়েছে। স্থানীয় কিছু লোকের সঙ্গে মসজিদ কমিটি  ও জায়গাজমি নিয়ে বিরোধ রয়েছে এবং তারা হুমকিধমকি দিয়েছে।  তার ছেলের হত্যা বিচার দাবি করেন তিনি ।

 সুধারাম থানার ওসি মো: সাহেদ উদ্দিন বিষয়টি  নিশ্চিত করে জানান, এটি হত্যা, না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্টের পাওয়ার পর বলা যাবে। সে অনুযায়ী  আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় নিহতের পরিবার বিকাল সোয়া ৫টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি বলে জানান তিনি।