পদ্মায় ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ৪

আপডেট : ২৭ মে ২০২১, ২৩:২৩

শরিয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর সংলগ্ন পদ্মা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও নিখোঁজ রয়েছেন আরো চারজন। 

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি শিমুলিয়া যাচ্ছিল। উত্তাল পদ্মায় ঢেউয়ের কারণে ট্রলারটি জাজিরা উপজেলার পালেরচর এলাকার মাঝপদ্মায় ডুবে যায়। এ সময় ট্রলারটির ১১ জন যাত্রীকে উদ্ধার করা হয়। 

নিহত ১ জনের মরদেহ বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান আকন (৬৫)। তিনি জাজিরা পৌরসভার মৃত হাবিবুর রহমানের ছেলে। শরিয়তপুর জেলা ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা যায়।

শরিয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া জানান, ‘ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ৪ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ২ শিশু এবং ২ জন পুরুষ রয়েছেন। বাকিদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, নৌকাডুবির পরপরই উদ্ধার অভিযান চালানো হয়। ৬ জনকে আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ইত্তেফাক/এসআই