লালমোহনের বিভিন্ন চর থেকে ভেসে গেছে অর্ধশতাধিক মহিষ

আপডেট : ২৮ মে ২০২১, ০২:০৩

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট সাগরের জোয়ারের পানিতে প্লাবিত হয়ে লালমোহনের বিভিন্ন চর থেকে অন্তত অর্ধশতাধিক মহিষ ভেসে গেছে। ২৫ মে সকাল থেকে ২৬ মে শেষ রাত পর্যন্ত এসব মহিষ ভেসে যায় বলে জানিয়েছে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। 

স্থানীয় প্রাণী সম্পদ দফতরের বরাত দিয়ে লালমোহন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার সোহাগ ঘোষ জানান, উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের অন্তর্গত মেঘনা নদীর মধ্যে অবস্থিত ৮ নম্বর চর থেকে নুরনবী মিয়ার ১০টি, কাঞ্চন মালের ৯টি, জয়নাল মাষ্টারের ৩টি, বাদশার চর থেকে শফু গোয়ালের ৬টি, কাশেম গোয়ালের ৩টি মহিষ পানির স্রোতে ভেসে যায়।

এছাড়া ৮ নম্বর চর থেকে শিহাব গোয়ালের ১০টি গরু এবং আরজু গোয়ালের ৮টি গরুও ভেসে। অপরদিকে উপজেলার বদরপুর ইউনিয়নের অন্তর্গত তেতুঁলিয়া নদীর মধ্যে অবস্থিত নবীরচর ও খেজুরগাছিয়া চর থেকে বিভিন্ন কৃষকের ৩১টি মহিষ ভেসে যায় পানির স্রোতে।  

উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান জানান, ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ চলছে। সরকারি বরাদ্ধ পাওয়া গেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে। 

ইত্তেফাক/এসআই