কোভিড -১৯ কোনো চীনা ল্যাব থেকে এসেছিল কিনা তা খতিয়ে দেখার জন্য মার্কিন উদ্যোগের নিন্দা জানিয়েছে চীন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি ভাইরাসটির উৎস সম্পর্কে একটি গোয়েন্দা প্রতিবেদনের ফলাফল প্রকাশের প্রত্যাশা করছেন। এরপরেই চীনের নিন্দা এলো। শুক্রবার (২৮ মে) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রকে "রাজনৈতিক কারসাজি ও দোষ চাপানোর" জন্য অভিযুক্ত করেছে। তারা কোভিড -১৯ এবং উহান শহরে ভাইরাস গবেষণা ল্যাবের মধ্যে যেকোনো যোগসূত্র প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্র ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) সাবেক প্রধান জানিয়েছেন, চীনের ল্যাব থেকে করোনা ছড়িয়েছে এমন প্রমাণ বাড়ছে কারণ গবেষকরা এখনও প্রমাণ করতে পারেন নি যে ভাইরাসটি প্রাণী থেকে মানুষের মধ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও দাবি করেছেন, প্রমাণের প্রতিটি টুকরা উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি (ডব্লুআইভি) থেকে করোনাভাইরাস ফাঁস হওয়ার দিকে ইঙ্গিত করে। এর জন্য চীনা কমিউনিস্ট পার্টিই দায়ী।
ইত্তেফাক/এসএ
