তা র কা ব চ ন

আপডেট : ২৮ মে ২০২১, ২০:২৪

বাধ্য হয়ে অনেক নিম্নমানের গল্পে কাজ করতে হয়। গল্প ও নাটকের নাম নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে, তাছাড়া কাজ দ্রুত শেষ করতে হবে। দর্শকদের বিনোদন দেওয়ার জন্য কমেডি নির্মাণ হচ্ছে। সেগুলোর আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। জোর করে মানুষ হাসানোর চেষ্টা আর কত? এসব কারণে এখন আর নিম্নমানের গল্পে কাজ করছি না। সিনেমায় চরিত্র নিয়ে সময় পাওয়া যায়। নির্মাণে থাকে পরিচ্ছন্নতা। সময় নিয়ে অভিনয় করা যায়। এই জন্য সিনেমা এখন আমাকে খুব টানে।

নাটকের গল্প ও চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা ফজলুর রহমান বাবু

০০০০০০০০০

দুর্ভাগা দেশ আমাদের! রামদেবের মতো লোক তাই সাধারণ মানুষের কাছে বড় বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছেন। তিনি বলছেন, অক্সিজেন লাগবে না, অমুক খাও, করোনা হবেই না। ব্যস! তাকেই অনেক বেশি বিশ্বাস করছে দেশের মানুষ। দিল্লিতে এমন এক রাজা বসে আছেন, প্রজারা মাথা কুটে মরে গেলেও তাদের জন্য কিছু করবেন না তিনি। এই তো সে দিন দেখলাম এলাহাবাদের গঙ্গায় একের পর এক মৃতদেহ ফেলে দেওয়া হচ্ছে। বিহারে গঙ্গায় ভেসে উঠছে শব। শিউরে উঠি। রাতে ঘুম আসতে চায় না। তার ওপর শুরু হয়েছে ব্যক্তিগত আক্রমণ। নেটমাধ্যমে মানুষ ক্ষোভ উজাড় করে দিচ্ছেন। খেয়াল করে দেখেছি, এখন যদি কেউ টিকা নেওয়ার ছবি দেন, সেই ছবির তলায় কিছুসংখ্যক মানুষ গালিগালাজ করতে শুরু করেন। বিষয়টা এমন যে ‘আমি’ টিকা পেলাম না। অন্য কেউ কেন পাবে?

করোনায় মানুষের অন্ধ বিশ্বাস ও সরকারের ভূমিকা নিয়ে অভিনেত্রী মিমি চক্রবর্তী