সোনারগাঁওয়ে ছোট ভাইয়ের হাতে মাদকাসক্ত বড় ভাই খুন

আপডেট : ২৮ মে ২০২১, ২১:৪৩

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ে মা-বাবাকে মারধর করার সময় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মাদকাসক্ত বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গুদারাঘাট গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার জামপুর গুদারাঘাট এলাকার শাহ জামালের ছেলে মো. কিরণ (৩০) দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। বিভিন্ন সময়ে মাদকাসক্ত হয়ে সে বাবা-মাকে মারধর করত। মাদকাসক্ত কিরণের অত্যাচারে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যায়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর কিরণ তার বাবা-মাকে মাদকের টাকার জন্য অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর করতে থাকে। মারধরে তার মায়ের হাত ভেঙে যায়। এক পর্যায়ে কিরণ তার বাবাকে ছুরি নিয়ে মারতে উদ্যত হলে ছোট ভাই মেহেদী হাসান ও গাব্বা বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে কিরণের ছুরি তার পেটে দেবে যায়। আহতাবস্থায় কিরণকে প্রথমে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার পর থেকে ঐ বাড়ির লোকজন পালিয়ে যায়। খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন, সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কিরণ মাদকাসক্ত। তার অত্যাচারে ঐ পরিবার অতিষ্ঠ ছিল।

সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নিহত কিরণ মাদকাসক্ত ও বিকৃত মস্তিষ্কের ছিল। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর করতো।