ভ্যাট গোয়েন্দাদের অভিযান

আট মার্কেটে ৮৮ শতাংশ দোকানেই ভ্যাট নিবন্ধন নেই

আপডেট : ২৯ মে ২০২১, ০৫:১৬

ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারের ৮টি মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানে (দোকান) জরিপ চালিয়ে সেখানে ১ হাজার ২৪টি ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ৯০৪টি প্রতিষ্ঠানেরই ভ্যাট নিবন্ধন নম্বর নেই। 

অর্থাৎ ৮৮ শতাংশই ভ্যাটের আওতার বাইরে। গত বৃহস্পতিবার ভ্যাট গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এসব মার্কেটে অভিযান চালিয়ে এ তথ্য পেয়েছেন। মার্কেটগুলো হলো নারায়ণগঞ্জের মার্ক টাওয়ার, সমবায় নিউ মার্কেট, সায়েম প্লাজা, আল হাকিম (পপুলার) সেন্টার, সাভারের সিটি সেন্টার, ঢাকার উত্তরার ট্রপিকাল আলাউদ্দীন টাওয়ার, আরএকে শপিং কমপ্লেক্স ও বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি।

জরিপে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভ্যাট নিবন্ধিত ১২০টি প্রতিষ্ঠানের মধ্যে মাসে ৫ হাজার টাকার ওপরে ভ্যাট দেয় মাত্র ৪৫ টি। বাদবাকি ৭৫টি ৫ হাজার টাকার নিচে ভ্যাট প্রদান করে আসছে।

ভ্যাট গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বলছেন, এই ভ্যাটের পরিমাণ প্রতিষ্ঠানগুলোর বিক্রির তথ্য ও কর্মীর সংখ্যার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। কোন কোন ক্ষেত্রে দেখা গেছে, এসব ব্যবসা প্রতিষ্ঠানের অনেকেই ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা সঠিকভাবে সরকারের কোষাগারে জমা দেয় না। অবশ্য এর মধ্যেই সুবাস্তু নজর ভ্যালীতে অবস্থিত ৫০০ দোকানকে বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন দিয়ে তা ওই মার্কেটের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেট অফিস।

ভ্যাট আইন অনুসারে যে কোন ভ্যাটযোগ্য ব্যবসা শুরু করার আগেই ভ্যাট নিবন্ধন গ্রহণ করা বাধ্যতামূলক। মার্কেটগুলোতে খুচরা পর্যায়ে অনেক ক্ষেত্রে ৫ শতাংশ হারে ভ্যাট সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিতে হয়। কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান তা মানছে না বলে অভিযোগ রয়েছে।


ইত্তেফাক/ইউবি