ভারতে অবস্থানরত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম শরণার্থীরা এখন থেকে দেশটির নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন। গতকাল শুক্রবার (২৮ মে) ভারতের কেন্দ্রীয় সরকার শরনার্থীদের মধ্যে থাকা হিন্দু, শিখ, জেইন, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ধর্মের মানুষদের ভারতীয় নাগরিক হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
জানা যায়, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব প্রদেশের ১৩টি জেলায় আশ্রয় নেওয়া শরণার্থীরা এই সুযোগ পাচ্ছেন। এই উদ্যোগের সঙ্গে সংশোধীত নাগরিক আইনের (সিএএ) কোনো সম্পর্ক নেই। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেম্বর ২০১৪ সালের আগে যেসব অমুসলিম শরণার্থী গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব প্রদেশের নির্ধারিত সেই ১৩টি জেলায় আশ্রয় নিয়েছে তারা চাইলে এখানকার নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবে। এ বিষয়ক সিদ্ধান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর কার্যকর করা হবে।
ইত্তেফাক/টিআর
