ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯২টির বা ২৪ দশমিক ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে কন্টিনেন্টাল ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ি সপ্তাহের শুরুতে কন্টিনেন্টাল ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫ দশমিক ৪০ টাকায়, যা সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধান কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ১০ টাকা বা ১২ দশমিক ৮২ শতাংশ। এর মাধ্যমে কন্টিনেন্টাল ইনসিওরেন্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে—সুহূদ ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৯৮ শতাংশ, এমএল ডাইংয়ের ৬ দশমিক ৭৩ শতাংশ, রহিমা ফুডের ৬ দশমিক ৩৬ শতাংশ, জিল বাংলা সুগারের ৬ দশমিক ২১ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৬ দশমিক ০৩ শতাংশ, জিকিউ বলপেনের ৫ দশমিক ৬৩ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৫ দশমিক ৬২ শতাংশ, সাভার রিফ্রেক্টরিজের ৫ দশমিক ৩৫ শতাংশ ও শ্যামপুর সুগার মিলসের ৫ দশমিক ৩৫ শতাংশ দর কমেছে।
