ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭টির বা ৬৪ দশমিক ০৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সালভো কেমিক্যালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সালভো কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩ টাকায়। বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৮০ টাকা বা ৩৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সালভো কেমিক্যাল ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রীণ ডেল্টা ইনসিওরেন্সের ৩৫ দশমিক ২০ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইনসিওরেন্সের ৩৩ দশমিক ১৯ শতাংশ, এবি ব্যাংকের ৩০ দশমিক ৮৩ শতাংশ, আমান ফিডের ৩০ দশমিক ৬৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২৯ দশমিক ৬৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ২৯ দশমিক ৬৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২৯ দশমিক ৩৮ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ২৭ দশমিক ৩৬ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ২৫ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।
