বাজেট প্রসঙ্গ

আপডেট : ২৯ মে ২০২১, ২২:১১

প্রতি বছর বাজেট সভা অনুষ্ঠিত হয় জুন মাসে। সেই বাজেট ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকে। এ নিয়মটি ব্রিটিশ আমল থেকে শুরু হয়। কিন্তু খোদ ইংল্যান্ডে এপ্রিল মাস থেকে বাজেট বর্ষ শুরু হয়েছে বহু আগেই। দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশ ও পাকিস্তানে জুলাই-জুন হিসেবে বাজেট করা হয়। বহু দেশ আবহাওয়ার সঙ্গে মিল রেখে বাজেট বর্ষ নির্ধারণ করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এপ্রিল মাস থেকে বাজেট বর্ষ শুরু হয়। বহু দেশে বর্ষপঞ্জি হিসেবে অর্থবছর নির্ধারিত হয়েছে; যেমন অস্ট্রিয়া, ব্রাজিল, চীন, পর্তুগাল, রাশিয়া, দক্ষিণ কোরিয়াসহ প্রায় ৫০টি দেশে খ্রিষ্টবর্ষ তথা জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত সময়কে অর্থবছর করেছে। বাংলাদেশে আবহাওয়ার সঙ্গে মিল রেখে বাংলা বৈশাখ-চৈত্র হিসেবে এপ্রিল-মার্চ পর্যন্ত সময়কালকে অর্থবছর করা যেতে পারে। মে, জুন ও জুলাই মাসে প্রাকৃতিক দুর্যোগ হয় বেশি। অর্থবছর জুন মাসে শেষ হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন করা হয়। একদিকে বৈরী পরিবেশ এবং অন্যদিকে সময়ের স্বল্পতা সব মিলিয়ে প্রকল্পগুলোর কাজ নিম্নমানের হয়ে যায়। এমনও দেখা গেছে, জুন মাসে কাজ শেষ না হওয়ায় অডিট আপত্তি ঠেকাতে অফিসের বড়কর্তা ঠিকাদারের বিল অন্যত্র সরিয়ে রাখেন এবং কাগজপত্রে প্রকল্পের কাজ শেষ হয়েছে দেখিয়ে থাকেন। সেসব অসমাপ্ত কাজ জুলাই মাসে বর্ষার মধ্যে সম্পন্ন করতে দেখা যায়। পরিশেষে, ‘বাজেট সভা’ শব্দযুগলের পরিবর্তে ‘বাত্সরিক আয়-ব্যয় সভা’ অথবা ‘বার্ষিক আর্থিক সভা’ কিংবা ‘বাজেট বর্ষ সভা’ বলা যেতে পারে।

মোশাররফ হোসেন মুসা

ঈশ্বরদী, পাবনা