মোহাম্মদপুরে টিনশেড ঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশুর মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২১, ১৪:০৩

রাজধানীর মোহাম্মদপুরের নবদয় হাউজিং এলাকায় একটি টিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে দুই বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (২৯ মে) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই শিশুর মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, শিশুটি হাসপাতালের ৭ তলায় ভর্তি ছিল। তার মা লাবনি আক্তার (২৫) সেখানেই ভর্তি আছেন। আর শিশুটির বাবা সোহেল (৩৫) আইসিইউতে আছেন। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন শিশুর মৃত্যু নিশ্চিত করে জানান, শিশুটির বাবা ও মায়ের অবস্থাও ভালো না। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, সোহেলের শরীরে ৭৫ শতাংশ, লাবনীর ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। নিহত শিশু সন্তানের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। 

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নবদয় হাউজিংয়ের সি ব্লকের ২ নম্বর টিনসেড বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই মাস আগে বাসাটি ভাড়া নেন সোহেল। সোহেল বর্তমানে বেকার। তার স্ত্রী লাবনী বাসাবাড়িতে কাজ করতেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করেই তাদের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে। 

এ সময় তাদের ঘরের সামনে গিয়ে দেখা যায়, ভেতরে আগুন জ্বলছে। সোহেল ও লাবনী দগ্ধ অবস্থায় ঘর থেকে বের হয়ে এলে প্রতিবেশীরা শিশুটিকে ঘরের ভেতর থেকে উদ্ধার করে। পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ইত্তেফাক/জেডএইচডি