শিফারুল শেখ
গ্রিস থেকে লিথুয়ানাগামী রায়ানএয়ারের একটি বিমানে ছিলেন বেলারুশের সাংবাদিক এবং আন্দোলনকর্মী রোমান প্রোতাসেভিচ (২৬)। বোমা হামলার হুমকি দিয়ে বিমানটিকে তার গতিপথ পরিবর্তনে বাধ্য করা হয়। পরে প্রেমিকা সোফিয়া সাপেগাসহ তাকে আটক করা হয়। পশ্চিমা দেশগুলো বেলারুশের বিরুদ্ধে রায়ানএয়ারের বিমানটি ছিনতাইয়ের অভিযোগ করে নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটাকে জঘন্য বলে উল্লেখ করেছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশ সরকারের সঙ্গে থাকার অঙ্গীকার করেছেন এবং এমন ঘটনা আগে পশ্চিমারাও ঘটিয়েছে বলে জানিয়েছেন।
g যা ঘটেছিল
গত ২৩ মে ফ্লাইট এফআর৪৯৭৮ এথেন্স থেকে ভিলনিয়াসে যাচ্ছিল। তবে লিথুয়ানিয়ার সীমান্তের কাছে পৌঁছানোর পরপরই এটি পূর্ব দিকে ঘুরে মিনস্কের দিকে যাত্রা করে। এক বিবৃতিতে রায়ানএয়ার জানায়, ক্রুদের বেলারুশ জানিয়েছিল, বিমানটিতে নিরাপত্তা হুমকি রয়েছে এবং সেটিকে পার্শ্ববর্তী বিমানবন্দর মিনস্কে অবতরণের পরামর্শ দেওয়া হয়। তবে বিমান চলাচল সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইটরাডারটুয়েন্টিফোর এ দেখা যায়, বিমানটিকে ঘুরিয়ে নেওয়ার সময় আসলে মিনস্কের তুলনায় ভিলিনিয়াসের বিমানবন্দরের কাছাকাছি ছিল।
বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটাতে জানানো হয়, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ব্যক্তিগতভাবে বোমা থাকার হুঁশিয়ারি দিয়ে মিনস্কে অবতরণ করানো এবং মিগ-২৯ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বেলারুশে অবতরণের পর প্রোতাসেভিচ এবং তার প্রেমিকাকে আটক করা হয়। পরে প্রোতাসেভিচ ভিডিও বার্তায় সব অপরাধের দায় স্বীকার করেন। তবে প্রোতাসেভিচের বাবা মারধর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ এনেছেন।
g বেকায়দায় বেলারুশ
বেলারুশের পূর্বে তার মিত্র দেশ রাশিয়া আর দক্ষিণে ইউক্রেন। উত্তর ও পশ্চিমে ইইউ এবং ন্যাটোর সদস্য দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড। ইউক্রেনের মতোই বেলারুশের ৯৫ লাখ মানুষ পশ্চিমা দেশগুলো ও রাশিয়ার মধ্যে বৈরিতার জাঁতাকলের শিকার। অনেকটা বাফার স্টেটের মতো। দেশটির প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে বর্ণনা করা হয় ইউরোপের সর্বশেষ স্বৈরশাসক হিসেবে যিনি ২৭ বছর ধরে ক্ষমতায়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউরোপের আকাশে বেলারুশের এয়ারলাইন্সের বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রাসেলসে বৈঠকে ইইউর ২৭টি সদস্য দেশের নেতারা ইইউর এয়ারলাইন্সগুলোরও বেলারুশের আকাশ বর্জনের কথা বলেছেন এবং এর বাইরেও অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন।
সরকার সমালোচক সাংবাদিককে গ্রেফতারে বেলারুশ এবং লাটভিয়া একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে। লাটভিয়া বেলারুশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের সেদেশ থেকে বহিষ্কার করে। এর আগে বেলারুশও লাটভিয়ার কূটনীতিকদের বহিষ্কার করে।
হোয়াইট হাউজ শুক্রবার জানায়, একই ঘটনার প্রতিবাদে তারাও বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি ভিন্নমতাবলম্বী সাংবাদিক ও সক্রিয় মানবাধিকার কর্মী রোমান প্রোতাসেভিচকে গ্রেফতার করাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেন। ওয়াশিংটন জানায়, দেশটির সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের তালিকা তৈরি করার বিষয়ে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে। বেলারুশের সরকারি মালিকানাধীন ৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ৩ জুন থেকে কার্যকর হবে। গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ব্যাপক দমনপীড়ন চালানোর পর গত এপ্রিলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
g লুকাশেঙ্কোর পাশে রাশিয়া
রাশিয়া বেলারুশের ঘনিষ্ঠ মিত্র। বিমান নামানোকে কেন্দ্র করে মিনস্কের সঙ্গে পশ্চিমা দেশগুলোর যে বিরোধ চলছে, তাতেও যে মস্কো তার মিত্রের পাশেই আছে, ফ্লাইট আটকে দেওয়ার ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে মনে করেন পর্যবেক্ষকরা। বেলারুশের আকাশসীমা এড়িয়ে মস্কো যাওয়ার পরিকল্পনা করা ইউরোপের দুটি এয়ারলাইন্সের অন্তত ছয়টি ফ্লাইটকে নিজেদের ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেয়নি রাশিয়া।
এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইন্সের পাঠানো ফ্লাইটগুলোর যাত্রাপথ সংক্রান্ত পরিকল্পনা রাশিয়া প্রত্যাখ্যান করায় এয়ারলাইন্স দুটিকে শেষ পর্যন্ত তাদের সেসব ফ্লাইট বাতিল করতে হয়েছে। শুক্রবার সোচিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। এ সময় তিনি বিমানে ঐদিন কী ঘটেছিল সেই সম্পর্কে বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রেসিডেন্ট পুতিনের কাছে হস্তান্তর করেন। পুতিন পশ্চিমাদের প্রতিক্রিয়াকে আবেগের বলে উল্লেখ করেছেন। এই সময় প্রেসিডেন্ট পুতিন ২০১৩ সালের একটি ঘটনার উল্লেখ করেন। ঐদিন যুক্তরাষ্ট্র হুইসেলব্লেয়ার অ্যাডওয়ার্ড স্নোডেনকে ঘায়েল করতে বলিভিয়ার তত্কালীন প্রেসিডেন্ট ইভোমোরালেসকে বহনকারী বিমানকে অস্ট্রিয়ায় অবতরণ করাতে বাধ্য করেছিল।
