গাজীপুরের শ্রীপুরে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে একটি কারখানার বিরুদ্ধে। গতকাল রবিবার সকালে শহরের একটি পত্রিকা অফিসে আহূত এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মাসুদ রানা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্রীপুর উপজেলার ধনুয়া মৌজায় তাদের ৯ বিঘা কৃষি জমি রয়েছে। ঐ জমিতে তারা ৪০ বছর ধরে বোরো ও আমন ধান চাষ করে আসছেন। ঐ স্থানে বিভিন্ন মালিকের আরো বহু জমি রয়েছে। জমিতে যাতায়াতের একটি সরকারি রাস্তা এবং সোয়া ৬ বিঘা খাস জমিও আছে। একটি মিলের পক্ষে মাওনা ইউপি চেয়ারম্যানসহ তাদের সহযোগীরা ঐ সরকারি রাস্তা এবং সরকারি খাস জমি সীমানা প্রাচীর নির্মাণ করে দখল করে বালু ফেলে ভরাট করছে। এতে তাদের জমিতে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তাছাড়া জমির চরিদিকে ঐ কারখানা উঁচু সীমানা প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে ফেলেছে। তারা কম দামে জমি তাদের কাছে বিক্রির জন্য চাপ দিচ্ছে।
তিনি আরো জানান, তাদের সারা বছরের খাবারের ধান ঐ জমিতে হয়। এ জমি ছাড়া তাদের কোনো কৃষি জমি নেই। এ ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত একটি অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
