শহরের সব বাসিন্দাদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত

আপডেট : ৩১ মে ২০২১, ১২:২২

ভিয়েতনামে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বাড়ছে। দেশটিতে করোনার নতুন একটি হাইব্রিড ভ্যারিয়েন্টও পাওয়া গেছে। যা বাতাসের মাধ্যমে অত্যন্ত দ্রুত ছড়ায়। এমন অবস্থার মধ্যেই এবার ভাইরাসটির সংক্রমণ রোধে একটি শহরের সকল বাসিন্দাদের করোনা টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার (৩১ মে) এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সেখানে বলা হয়েছে, করোনা নিয়ন্ত্রণে বিশ্বের মধ্যে সবচেয়ে সফল দেশগুলোর মধ্যে ভিয়েতনাম অন্যতম। কিন্তু বিগত সপ্তাহগুলোতে দেশটির ভাইরাসটির সংক্রমণ হঠাৎ করেই বাড়তে শুরু করেছে। এর মাঝেই অত্যন্ত শক্তিশালী ও বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে সক্ষম নতুন একটি হাইব্রিড ভ্যারিয়েন্টও পাওয়া গেছে। যা ভারত ও যুক্তরাজ্যে ছড়ানোর করোনার দুটি ভ্যারিয়েন্টের মিশ্রণ।

দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত করা হয়েছে ৭ হাজার জন এবং মৃত্যুবরণ করেছে মাত্র ৪৭ জন। কিন্তু এর অর্ধেকই বিগত সপ্তাহগুলোতে। যা উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত করে।

সম্প্রতি হো চি মিন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি খ্রিষ্টান মিশনে ১২৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়। এরপরই শহর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সেখানে বসবাসরত ১৩ মিলিয়ন বাসিন্দাদের সবাইকে করোনা টেস্টের আওতায় নিয়ে আসা হবে। দৈনিক এক লাখ মানুষকে টেস্ট করা হবে।

এ ছাড়া আজ থেকে শুরু হয়ে আগামী ১৫ দিন শহরের বাসিন্দাদের কঠোরভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। দোকান, রেস্তোরা এবং সকল ধরনের ধর্মীয় কর্মকান্ড বন্ধ থাকবে। ১০ জনের বেশি মানুষ জড়ো হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধ থাকবে।

ইত্তেফাক/টিএ