সাতক্ষীরা জেলার শ্যামনগরে বিশ্ব ঐতিহ্যের সর্ববৃহত্ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের কোলে নির্মিত আকাশনীলা পর্যটন কেন্দ্রে ধারণ করা হয় ইত্যাদির একটি নিয়মিত পর্ব। আগামীকাল রাত ১০টার ইংরেজি সংবাদের পর পুনঃপ্রচার হবে ইত্যাদি’র এই পর্বটি। বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে ছিল বেশকিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। সাতক্ষীরা ও সুন্দরবনের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন শিল্পের অপার সম্ভাবনা নিয়ে রয়েছে ৩টি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ইজি বাইকের ভয়াবহ স্কার্ফ দুর্ঘটনা নিয়ে রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন। মুক্তাগাছা উপজেলার নিভৃত পল্লীতে ৩ বিদেশি নাগরিকের প্রতিষ্ঠিত কৃষি খামারের ওপর রয়েছে একটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন। যারা এই খামারে উত্পাদিত ফসল এবং গবাদিপশুর মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে গ্রামে অনেক সেবামূলক কর্মকাণ্ডও পরিচালনা করছে। এবারের ইত্যাদিতে একটি দেশাত্ববোধক গান গেয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সুর করেছেন আলী আকবর রুপু। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
