আনন্দ বিনোদন প্রতিবেদক
করোনা না থাকলে হিসেবটাই অন্যরকম হতো চিত্রনায়িকা বিপাশা কবিরের ক্ষেত্রে। হয়তো কাজ শুরু হওয়া সিনেমাগুলো শেষ হয়ে যেত। শেষ হওয়া সিনেমাগুলো মুক্তি পেয়ে যেত। তারপর আরো কয়েকটি সিনেমার কাজও শুরু হয়ে যেত। কিন্তু করোনার কারণে নানান পরিকল্পনায় একটু একটু করে পরিবর্তন আসছে। আবার করোনার আতঙ্কে অনেক কাজও থেমে আছে। তবে একটু একটু করেই বিপাশা কবির অভিনীত পাঁচটি সিনেমা নানান পর্যায়ে আছে। কোনো কোনো সিনেমা শেষ হয়ে আছে। কোনো সিনেমা সেন্সরে যাবে আবার কোনো সিনেমার ডাবিং করবেন বিপাশা। আবার কোনো কোনো সিনেমার দ্বিতীয় লটের কাজ শুরু করবেন। বলা যায়, করোনা পরিস্থিতির এই মুহূর্তেও বিপাশা কবির ব্যস্ত আছেন। বিপাশা কবির জানান, কয়েকদিনের মধ্যেই সেন্সরে যাবে তার অভিনীত আকাশ আচার্য্য পরিচালিত ‘পরাণে পরাণ বান্ধিয়া’ সিনেমাটি (বিপরীতে আছেন চিত্রনায়ক রাজন)। রেজা হাসতম পরিচালিত ‘জেদী মেয়ে’ সিনেমার ডাবিংয়ের কাজ শুরু হবে (বিপরীতে আছেন সাইফ খান)। এই দুটি সিনেমার কাজ শেষ হওয়ার পরপরই বিপাশা কবির ব্যস্ত হয়ে পড়বেন কালাম কায়সার পরিচালিত অর্ধেক কাজ শেষ হওয়া ‘যার নয়নে যারে লাগে ভালো’ (বিপরীতে আছেন সাঞ্জু জন)। বাপ্পী খান পরিচালিত সাঞ্জু জনের বিপরীতে বিপাশার ‘সোলমেট’ সিনেমার ডাবিংয়ের কাজও শুরু হবে শিগগিরই। আবার প্রথম লটের কাজ শেষ হওয়া অপূর্ব রানা পরিচালিত বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমার কাজও শুরু হবে। এসব সিনেমায় কাজ করা প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ‘বর্তমানে যে পাঁচটি সিনেমায় কাজ করছি প্রত্যেকটি সিনেমার গল্প এককথায় অসাধারণ। প্রত্যেকটি সিনেমাতেই আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি। অর্থাত্ আমাকে ঘিরেই গল্প। যে কারণে প্রতিটি সিনেমা নিয়েই আমি অনেক বেশি আশাবাদী। আমি কৃতজ্ঞ প্রত্যেক সিনেমার নির্মাতার প্রতি, আমার সহশিল্পীদের প্রতি এবং প্রত্যেক সিনেমার ইউনিটের প্রতি। আমি সিনেমায় কাজ করা নিয়ে ভীষণ সন্তুষ্ট। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে হয়তো কাজগুলো আরো আগে শেষ হয়ে যেত এবং কয়েকটি সিনেমা হয়তো মুক্তিও পেয়ে যেত। যাই হোক তারপরও আশাবাদী আমার কাজগুলো নিয়ে।’
বিপাশা কবির তার অভিনয় জীবনের শুরুতে নাটকে অভিনয় করলেও এখন আর নাটকে অভিনয় করার আগ্রহ নেই তার।
