এখনও টপ ফর্মে

আপডেট : ০২ জুন ২০২১, ২০:২৭

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

১৫ বছর আগে ২০০৬ সালে কানাড়া ভাষায় নির্মিত দক্ষিণী ছবি ‘ঐশ্বরিয়া’র মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হওয়া দীপিকা পাড়ুকোন এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। এই মুহূর্তে নির্মাণাধীন অ্যাকশন ধাঁচের সিনেমা ‘পাঠান’- এ শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। অনেকদিন ধরেই ছবি প্রতি ১০ কোটি রুপি এবং প্রতিটি বিজ্ঞাপনে মডেল হিসেবে উপস্থিতির জন্য ৮ কোটি করে নিচ্ছেন দীপিকা। গত তিন বছরে শতকরা ৪০ ভাগ পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। মুক্তি প্রতীক্ষিত বায়োপিক মুভি ‘এইট্টি থ্রি’তে বিখ্যাত ক্রিকেটার কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় অভিনয়ের জন্য ১৪ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলিউডের জনপ্রিয় এই তারকা অভিনেত্রী। করোনা মহামারির দুঃসময়ে কিছুদিন অন্যান্য সবার মতো নিজেকে ঘরবন্দী করলেও একসময়ে আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় শুরু করেছিলেন দীপিকা। তরুণ চিত্রনির্মাতা সাকুন বাত্রার নির্মাণাধীন নাম ঠিক না হওয়া একটি ছবির জন্য শুটিংও করেছেন গত বছরের শেষ দিকে। এরপর ‘পাঠান’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন শাহরুখ খানের সঙ্গে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় মুম্বাই শহর ছেড়ে দীপিকা তার বাবা-মায়ের কাছে ব্যাঙ্গালোর চলে গিয়েছিলেন। সেখানে তার বাবা মা বোন সবাই করোনায় আক্রান্ত হওয়ার পর একপর্যায়ে তিনিও করোনা পজিটিভ হন। দীপিকা এবং তার স্বামী অভিনেতা রনবীর সিংয়ের করোনা আক্রান্ত হওয়ার সংবাদ ভক্ত অনুরাগী দর্শকদের চিন্তিত করেছিল। কিছুদিন আগে করোনা নেগেটিভ হওয়ার পর দীপিকা-রণবীর দু’জনই একসঙ্গে মুম্বাই ফিরেছেন। তাদের সুস্থতার খবরে স্বস্তিবোধ করেছেন অগণিত ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী। দীপিকার সুস্থতার খবরের পাশাপাশি হালে আরো একটি খবরে আনন্দিত হয়েছেন তার অনুরাগী ভক্তরা। ৩৫ বছর বয়সী এই জনপ্রিয় বলিউড অভিনেত্রী আবার বিখ্যাত চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানসালির আগামীর নতুন একটি ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। সঞ্জয় লীলা বানসালি ১৯৫২ সালে নির্মিত সাড়া জাগানো হিন্দি সিনেমা ‘বৈজু বাওরা’ রিমেক করবেন—গত বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু তার এই পরিকল্পিত নতুন ছবির কাস্টিং নিয়ে মুখ খুলেননি বানসালি। বর্তমানে ‘গাংগুবাই কাথিয়াদি’ ছবির কাজ নিয়ে মেতে আছেন বিখ্যাত এই নির্মাতা। ‘বাজিরাও মাস্তানি’, ‘গাঁলিয়ো কি রাসলীলা-রাম-লীলা’ এবং ‘পদ্মাবত’— পরপর তিনটি সুপারহিট ব্লববাস্টার ছবিতে পরিচালক এবং নায়িকা হিসেবে একসঙ্গে কাজ করেছেন সঞ্জয় লীলা বানসালি ও দীপিকা। ‘গাংগুবাই কাথিয়াদি’ ছবিতে আলিয়া ভাটকে প্রধান ভূমিকায় কাস্ট করার পর চারদিকে রটে যায় বানসালির সঙ্গে দীপিকার আগের মধুর বোঝাপড়ার সম্পর্কে চিড় ধরেছে। ফলে তাদের দু’জনের একসঙ্গে নতুন কোনো ছবিতে কাজ করার সম্ভাবানা আর নেই।  কিন্তু তা মিথ্যে প্রমাণ করেছেন গুণী চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার আগামী মেগা প্রজেক্ট ‘বৈজ বাওরা’য় ডাকাত রানী রূপমতি চরিত্রে দীপিকা পাড়ুকোন অভিনয় করতে যাচ্ছেন বলে তিনি নিজেই মিডিয়ায় খোলাখুলিভাবে প্রকাশ করেছেন। পাইপলাইনে রয়েছে ‘এইট্টি থ্রি’, ‘বৈজু বাওয়রা’, ‘ফাইটার’, ‘সানকি’, ‘পাঠান’, ‘হলিউডের সুপারহিট ‘ইন্টার্ন’ ছবির হিন্দি সংস্করণসহ ‘দ্রৌপদি’ ছবিটিও। সব মিলিয়ে এই সময়ে টপ ফর্মে আছেন দীপিকা। বলা যায়, বলিউডের রানির অবস্থানটি সমসাময়িক অন্যান্য নায়িকাদের টেক্কা দিয়ে নিজের কব্জায় ফিরিয়ে এনেছেন তিনি।