সাড়া পাচ্ছে শাকিলার ‘বুক চিন চিন করছে হায়’

আপডেট : ০২ জুন ২০২১, ২০:২৭

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

২০০৩ সালের ২৬ নভেম্বর মুক্তিপ্রাপ্ত বদিউল আলম খোকন পরিচালিত ‘বাস্তব’ সিনেমায় প্রয়াত নায়ক মান্না ও চিত্রনায়িকা পূর্ণিমার লিপে বেশ জনপ্রিয়তা পেয়েছিল কবির বকুলের লেখা ও আলী আকরাম শুভ’র সুর সংগীতে এন্ড্রু কিশোর ও বেবী নাজনীনের গাওয়া ‘বুক চিন চিন করছে হায়’ গানটি। ‘অনুপম মুভি সং’ ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত গানটি এরইমধ্যে দুই কোটির বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। কিছুদিন আগে একটি নাটকে গানটি আবার ব্যবহার করা হলেও গানটি নতুন করে আলোচনায় চলে আসে। যে কারণে ‘অনুপম মুভি সং’-এ গানটি নতুন করে আবারো প্রকাশ করা হয়। গানটি এবার এই সময়ের দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন এবং নতুন মুখ সুপ্ত’র লিপে দর্শক উপভোগ করছেন। গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন আলভী। নতুন করে গেয়েছেন শফিক তুহিন ও আয়েশা মৌসুমী। নতুন এই গানটির কোরিওগ্রাফি এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন হাবিব। নতুন এই গানে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া পাচ্ছেন শাকিলা পারভীন। শাকিলা বলেন, ‘গানটি নতুন করে আলোচনায় আসার আগেই আমি অনেকবার শুনেছি। গানটি মান্না ভাই এবং পূর্ণিমা আপুর লিপে আমি বেশ উপভোগ করেছি। নতুন করে গানটি অনুপমের জন্য করা হয়েছে। অনুপম এবং এর কর্ণধার শ্রদ্ধেয় আনোয়ার হোসেন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এই গানে পারফর্ম করার সুযোগ করে দেওয়ার জন্য। গানটি প্রকাশ হয়েছে গত ১২ মে। কিন্তু এরইমধ্যে গানটি ১৭ লাখের বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছি। শফিক তুহিন ভাই এবং আয়েশা মৌসুমী আপু খুব চমত্কার গেয়েছেন।’ এরইমধ্যে শাকিলা তার প্রথম সিনেমা ‘কলিজাতে দাগ লেগেছে’র কাজ শুরু করেছেন।