চলতি মাসেই ফাইভজি স্মার্টফোন আনবে এলজি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০১

সম্প্রতি ফাইভজি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানি এলজি। আগামী ২৫ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এই আয়োজনের আগের দিন একই শহরে ফাইভজি স্মার্টফোন উন্মুক্ত করবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান এলজি।  এ বিষয়টি সম্প্রতি নিজস্ব ওয়েবসাইটে জানায় সংস্থাটি।

বিশ্বের অনেকগুলো দেশে ফাইভজি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে এগিয়ে রয়েছে কোরিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশ। এই দেশগুলোর বড় বড় টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে ইতোমধ্যে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে এলজি।  চলতি বছরের প্রথম প্রান্তিকেই মার্কিন টেলকম জায়েন্ট স্প্রিনকে ফাইভজি স্মার্টফোন রফতানি করা হবে বলে গত বছরই ঘোষণা করেছিল কোরিয়ান প্রযুক্তি সংস্থাটি। নিজেদের ৫জি স্মার্টফোনের নাম সম্পর্কে খোলসা করে কিছু জানায়নি এলজি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটিতে কোয়ালকমের নতুন ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়াও এটিতে ব্যবহার করা হবে ‘ভেপার চেম্বার’ প্রযুক্তি । ফলে ডিভাইসটি খুব দ্রুত ও সহজে ঠাণ্ডা হয়ে যাবে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।