আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়ির সড়কের পাশ থেকে এক রাউন্ড গুলির খোসা, দুটি অবিষ্ফোরিত ককটেল ও দুটি চকলেট বোমা উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ওবায়দুল কাদেরের বাড়ির প্রবেশপথে সড়কের পাশ থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয় ও বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান, মন্ত্রীর বাড়ির নিরাপত্তা প্রহরী সুমন সড়কের পাশে গুলির খোসা ও ককটেল দেখতে পান। সুমন মন্ত্রীর বাড়ির দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানান। পরে কোম্পানীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
