গজনী পর্যটন কেন্দ্রে খাবার পানির তীব্র সংকট

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৫

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী পর্যটন কেন্দ্রে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শত শত ভ্রমণ বিলাসী পুকুর, ঝর্না ও কূপের পানি পান করে পেটের পিরা জনিত রোগে আক্রান্ত হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, এ বিনোদন কেন্দ্রে গভীর নলকূপ ও ট্যাংক স্থাপনের মাধ্যমে পানির চাহিদা পূরণ করা সম্ভব।

কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনার উল্লাহ, পর্যটন কেন্দ্রের ব্যবসায়ী সমিতির  সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, ১৯৯৩ সালে কেন্দ্রটি গড়ে তোলার সময় প্রশাসনের পক্ষ থেকে ৩টি নলকূপ স্থাপন করা হয়। স্থাপনের পর থেকেই ২টি নলকূপ অকেজো হয়ে পরে। তা আর মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। ১টি নলকূপের পানিতে মেটাতে হচ্ছে পুরো পর্যটন কেন্দ্রে আগত শত শত ভ্রমণ বিলাসীদের পানির চাহিদা।

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার ভিসা পেতে আপন ভাইবোনের বিয়ে

তারা আরো জানান, ওই ১টি নলকূপও মাঝে মধ্যে অকেজো হয়ে পরলে ব্যবসায়ীদের অর্থেই বেশির ভাগ সময় মেরামত করতে হয়। ভ্রমণ বিলাসীদের আগমণ বৃদ্ধি পাওয়ায় ওই নলকূপে পানির চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। তবুও আবার নলকূপটি অকেজো হয়ে পরেছে। ফলে অবকাশ বিনোদন কেন্দ্রে আগত ভ্রমণ বিলাসীদের পানির চাহিদা পূরণ করতে পুকুর, ঝর্না ও কূপের পানি রান্নার কাজে ব্যবহারসহ পান করতে হচ্ছে। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছে ভ্রমণ বিলাসীরা।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ বলেন, ‘পানি সংকটের বিষয়ে জেরা প্রশাসনের সাথে আলোচনা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/বিএএফ