ক্যানবেরায় অস্ট্রেলিয়ার রাজত্ব

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

ক্যানবেরার মানুকা ওভালের গতকাল টেস্ট অভিষেক হলো। এই টেস্ট নিয়ে স্থানীয় অস্ট্রেলিয়ান দর্শকদের আগ্রহের শেষ নেই। আগেভাগেই নাকি এখানকার টিকিট শেষ হয়ে গেছে। কিন্তু প্রথম দিনের প্রথম সেশনে সেই উত্সাহে পানি ঢেলে দিতে বসেছিল শ্রীলঙ্কান বোলাররা। শেষ পর্যন্ত তা হয়নি। প্রবল প্রতাপে স্বাগতিকদের ফিরিয়ে এনেছেন জো বার্নস ও ট্রাভিস হেড।

দু জনের ৩০৮ রানের জুটিতে ভর করে ক্যানাবেরা টেস্টের প্রথম দিনশেষে ৪ উইকেটে ৩৮৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। ফলে এখানে প্রথম দিনের রাজত্বটা তাদের, এটা বলাই যায়।

শ্রীলঙ্কা এই টেস্ট শুরুই করেছিল একটা দুঃস্বপ্নের মতো সময়ের ভেতর দিয়ে। তাদের সামনের সারির চার ফাস্ট বোলারই ইনজুরিতে এই টেস্ট খেলতে পারছেন না।  ক্যানাবেরা টেস্টের ঠিক আগের দিন পিঠের ইনজুরিতে পড়েছেন ফাস্ট বোলার সুরঙ্গ লাকমল। মাত্র আগের টেস্টেই তিনি ছিলেন শ্রীলঙ্কার সফলতম বোলার। মূল স্কোয়াডে থাকা তিন পেসার আগে থেকেই ইনজুরিতে আছেন। নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা হ্যামাস্ট্রিং চোটে ভুগছেন। সাথে দুস্মন্ত চামিরা গোঁড়ালির চোটে ছিটকে গেছেন।

এদের বদলে তিন তরুণ পেসার কাসিনু রাজিতা, বিশ্ব ফার্নান্দো ও চামিকা করুনারত্নের মোট অভিজ্ঞতা ছিল ৫ টেস্টের। এর মধ্যে রাজিতা গতকাল শুরু থেকেই দারুণ বল করছিলেন। যদিও গতকাল অন্তত কোনো উইকেট পাননি তিনি। তিনজনের মধ্যে তুলনামূলক পরে বাজে বোলিং করা ফার্নান্দোই শুরুতে কাঁপিয়ে দেন অস্ট্রেলিয়াকে।

ইনিংসের ৬ ওভারের মধ্যেই ফার্নান্দো তুলে নেন মার্কাস হ্যারিস ও উসমান খাজার উইকেট। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখন মাত্র ১৫ রান। এর সাথে করুনারত্মে টেস্ট ক্রিকেটে নিজের চতুর্থ বলেই তুলে নেন ল্যাবাসচেঞ্জের উইকেট। ফলে ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।

এই জায়গা থেকে শ্রীলঙ্কাকে হতাশ করা শুরু করেন বার্নস, হেড এবং উইকেট আস্তে আস্তে প্রথম আর্দ্রতা দূর হতেই ব্যাটিং সহায়ক হয়ে যেতে শুরু করে। এই ফ্লাট উইকেটে শ্রীলঙ্কান নবীন বোলাররা আর নতুন করে কোনো ক্ষয়ক্ষতি অস্ট্রেলিয়ার করতে পারেনি। এই অনভিজ্ঞতার সুযোগ নিয়েই মহাকাব্যিক এক জুটি করে ফেলেন বার্নস ও হেড। দুজনে ৩০৮ রান করেন চতুর্থ উইকেট জুটিতে।  বার্নস-হেডের এই রানটি হলো চতুর্থ উইকেট জুটিতে অস্ট্রেলিয়ার  সপ্তম সর্বোচ্চ রান।

দুজনই অত্যন্ত সতর্কভাবে শুরু করে পরে সময়ের সাথে সাথে আক্রমণাত্মক হয়েছেন এবং জুটি বড় করেছেন। দুজনের সামনেই সুযোগ ছিল ডাবল সেঞ্চুরির পথে হাঁটার। কিন্তু হেড শেষ বিকেলে এসে বিশ্ব ফার্নান্দোর তৃতীয় শিকার হয়ে ফেরেন। ২০৪ বলে ২১টি চার ও ১টি ছক্কায় সাজানো ১৬১ রানের ইনিংস খেলে আউট হন হেড। তার পর উইকেটে এসে প্যাটারসন একটা জীবনও পেয়েছেন। তবে শেষ পর্যন্ত ২৫ রানে অপরাজিত আছেন তিনি।

তবে পুরো ইনিংসটাকে ধরে রাখা জো বার্নস আজকে ডাবল সেঞ্চুরির স্বপ্ন নিয়েই মাঠে নামবেন। তিনি ২৪৩ বলে ২৬টি চারে সাজানো ১৭২ রানের ইনিংস খেলে উইকেটে আছেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৮৭ ওভারে ৩৮৪/৪ (বার্নস ব্যাটিং ১৭২, হেড ১৬১, প্যাটারসন ব্যাটিং ২৫; ফার্নান্দো ৩/৯৯)।