অনুশীলনে নেমে গেছে ক্লাবগুলো

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৮

 স্পোর্টস রিপোর্টার

পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগ শুরু হবে ১০ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার খেলোয়াড়দের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ক্লাবগুলো এরই মধ্যে খেলোয়াড় রেজিস্ট্রেশনের কাজ শেষ করে অনুশীলনেও নেমে গেছে। এই লিগ হতে অনেক খেলোয়াড় পেশাদার ফুটবলের বড় মঞ্চে উঠে আসবে। লিগের খেলাটা শুরু হয়ে গেলে অনেকে খেলোয়াড়ও দেখে রাখবে। এমনকি বাফুফের ব্রিটিশ কোচ জেমি ডে খেলোয়াড়দের মান দেখার জন্য কমলাপুর স্টেডিয়ামেও যাবেন। কারা উঠে আসছেন তা আগাম জানতেই মাঠে যেতে চান তিনি। প্রায় সাত বছর ধরে দায়িত্ব পালনকারী অগ্রণী ব্যাংকের কোচ আব্দুর রাজ্জাক জানিয়েছেন এই লিগে ভালো কিছু ফুটবলার দেখা যাবে। এদের অনেকেই রয়েছে যারা পেশাদার লিগের খেলোয়াড়দের চেয়েও ভালো খেলতে পারেন। তাদের স্পিড এবং স্ট্যামিনা অনেক ভালো। পরিচর্যা পেলে খুব কম সময়ের মধ্যে জায়গা করে নিতে পারে।

বসুন্ধরা কিংসে খেলা জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন আবার চ্যাম্পিয়নশিপ লিগে খেলতে ঢাকা সিটি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি জানিয়েছেন চ্যাম্পিয়নশিপ লিগে অনেক ভালো মানের ফুটবলার পাওয়া যায়। কিন্তু আমাদের দেশের বড় বড় ক্লাব এখানে তাকাবার সময় পান না। কাঞ্চন জানান চ্যাম্পিয়নশিপ থেকে দুই একজন করে বড় ক্লাবে জায়গা দিলে তারা সহজেই মানিয়ে নিতে পারবেন।’

চ্যাম্পিয়নশিপ লিগ শুধু দেশি ফুটবলারদের মঞ্চ। ৩৫ ফুটবলার রেজিস্ট্রেশন করা গেলেও একমাত্র ঢাকা সিটি এফসি ছাড়া অন্য কোনো দল সেটি করেনি বলে বাফুফে সূত্রে জানা গেছে। এই দলটি এবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোমর বেঁধে নেমেছে। অর্থ ভান্ডার খুলে দিয়ে দলে নিয়েছে ভালো মানের ফুটবলারদের। লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া ঢাকা সিটি এফসি। দুটি দল প্রিমিয়ার লিগে উঠবে। তাই ছাড় দিচ্ছে না অফিস দল অগ্রণী ব্যাংক। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামবে অগ্রণী ব্যাংক। দলের সহকারী কোচ হাজী রফিক বহু বছর ধরে এই দলটির সুখে দুঃখে কাজ করে যাচ্ছেন। রজনী, মতিউর মুন্না, কাঞ্চন, বাফুফের সদস্য ইকবাল হোসেন, সড়ক দুর্ঘটনায় নিহত স্ট্রাইকার টুটুল, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ এমপিসহ অনেকেই অগ্রণী ব্যাংকের জার্সি গায়ে খেলেছেন। রফিক জানিয়েছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত, এমডি সামসুল ইসলাম চৌধুরীসহ ম্যানেজম্যান্ট খেলাধুলার প্রতি খুব আগ্রহী বলেই ভালো গড়তে পারছি আমরা। গোলকিপিং কোচ এবং মোহামেডানের সাবেক গোলকিপার শেখ আব্দুল্লাহ লাহুল, ম্যানেজার সাইফুল হক চৌধুরী, সহকারী জয়নাল আবেদীন, লিয়াজোঁ গফুর দেওয়ান কাজ করছেন অগ্রণী ব্যাংকে।     

চ্যাম্পিয়নশিপ লিগ

দলগুলো হচ্ছে : ফরাশগঞ্জ, ভিক্টোরিয়া, ইয়ংমেন্স ক্লাব, টি এন্ড টি ক্লাব, উত্তর বারিধারা, পুলিশ, সকার ক্লাব, অগ্রণী ব্যাংক, স্বাধীনতা ক্রীড়া সংঘ, ওয়ারী ক্লাব, ঢাকা সিটি এফসি।