আবারো ইংল্যান্ডের বিপর্যয়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৮

 স্পোর্টস রিপোর্টার

দ্বিতীয় টেস্টের প্রথম দিনও ভাগ্য ফিরলো না ইংল্যান্ডের। অ্যান্টিগাতে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে খেলতে নেমে প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছে মাত্র ১৮৭ রানে। জবাব দিতে নেমে বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজ করেছে ৩০ রান।  ওয়েস্ট ইন্ডিজ এখন পিছিয়ে আছে ১৫৭ রানে। তাই বলে না দিলেও চলে যে, দিনটা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের দখলেই গেছে। দিনের শুরুতে টসে জিতে শুরু করে ক্যারিবিয়ানরা। আর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অধিনায়ক জেসন হোল্ডারের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করতে খুব বেশি সময় নেয়নি বোলাররা। মাত্র ৯৩ রানেই ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। এরপর সপ্তম উইকেট জুটিতে ৮৫ রানের জুটি গড়েন মঈন আলী ও বেন ফোকস। ১৭৮ রানে এই জুটি ভাঙে, মানে সপ্তম উইকেটের পতন হয়। ৩৫ রানে আউট হন বেন ফোকস।

 সেখান থেকে অন্তত ২০০’র ওপর নিজেদের ইনিংসটা টেনে নেওয়া উচিত ছিল ইংল্যান্ডের। কিন্তু এই সহজ কাজটাই করতে পারেনি ইংলিশরা। আর মাত্র নয় রান যোগ করেই অলআউট হয়ে যায় দলটি। মানে শেষ নয় রানের মধ্যে চার উইকেটের পতন হয়, আর মাত্র এক রানের মধ্যে শেষ তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন কেমার রোচ। এছাড়া শ্যানন গ্যাব্রিয়েল তিনটি ও আলজারি জোসেফ দু’টি করে উইকেট নেন।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মঈন আলী। আর ৫২ রান করেন জনি বেয়ারস্টো। জবাব দিতে নেমে কোনো বিপদ আসতে দেননি ক্রেইগ ব্রেথওয়াইট ও জন ক্যাম্পবেল। ক্যাম্পবেল ১৬ ও ব্রেথওয়াইট ১১ রান করে অপরাজিত আছেন। ২১ ওভারে স্বাগতিকরা করেছে ৩০ রান। এখন থেকে ওয়েস্ট ইন্ডিজ কতদূর যেতে পারে সেটাই দেখার ব্যাপার।

সংক্ষিপ্ত স্কোর

টস: ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৬১ ওভারে ১৮৭ অলআউট (বার্নস ৪, ডেনলি ৬, বেয়ারস্টো ৫২, রুট ৭, বাটলার ১, স্টোকস ১৪, মঈন ৬০, ফোকস ৩৫, কারান ৬, ব্রড ০*, অ্যান্ডারসন ১; রোচ ৪/৩০, গ্যাব্রিয়েল ৩/৪৫, জোসেফ ২/৩৮, হোল্ডার ১/৪৩, চেইস ০/৩১)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২১ ওভারে ৩০/০ (ব্রেথওয়াইট ১১*, ক্যাম্পবেল ১৬*; অ্যান্ডারসন ০/১০, ব্রড ০/১০, স্টোকস ০/৫, কারান ০/৩)