পটুয়াখালীতে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে প্রার্থী নির্বাচন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ কমিটির সদস্যদের সমন্বয়ে বিশেষ বর্ধিত সভায় ভোটে এই প্রার্থী বাছাই করা হয়।

উপজেলা চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে দুজন মনোনয়ন পাওয়ার জন্য দলের কাছে আবেদন করেন। তৃণমূলের ভোটের ফলাফল অনুযায়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনের নাম বাছাই করা হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর জানান, তৃণমূলের ভোটে বাছাইকৃতদের তালিকা জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হবে। সেখান থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

তৃণমূলের ভোটের ফলাফলে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তারিকুজ্জামান মনি প্রথম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ দ্বিতীয় ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার তৃতীয় হন। ভাইস চেয়ারম্যান পদে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে বর্তমান ভাইস চেয়ারম্যান জেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান মনির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. সোহেল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সোহানা হোসেন মিকি প্রথম ও দ্বিতীয় হয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী।