মতলব উত্তরে এসএসসিতে অতিরিক্ত কেন্দ্র ফি উত্তোলন, অভিভাবকদের ক্ষোভ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বরাবরের মতো এবারও এসএসসি পরীক্ষার কেন্দ্র ফি অতিরিক্ত হারে উত্তোলন করা হয়েছে। উপজেলা প্রশাসন কিংবা মাধ্যমিক শিক্ষা অফিসে বক্তব্য জানতে চাইলে বরাবরের মতো লিখিত অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো পর্যন্তই।

মতলব উত্তর উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৫ হাজার ১৬৮জন শিক্ষার্থী এবং কেন্দ্র রয়েছে ৮টি। এসএসসি পরীক্ষার কেন্দ্র ফি সরকার নির্ধারিত বিভাগানুযায়ী ২৫০ থেকে ৩০০ টাকা হলেও এ উপজেলার মাধ্যমিক স্তরের ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই তা মানছে না। সকলেই অতিরিক্ত হারে কেন্দ্র ফি উত্তোলন করেছে। এমন কি সরকার নির্ধারিত কেন্দ্র ফি কত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সে বিষয়টিই জানেন না। মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান মুঠোফোনে পরীক্ষার কেন্দ্র ফি একবার বলছেন ৩০০, আবার বলছেন ৩৫০ টাকা।

উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন পরীক্ষার্থীর অভিভাবক অতিরিক্ত কেন্দ্র ফি নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেও তারা লিখিতভাবে অভিযোগ করতে নারাজ। তাদের মধ্যে ভয় কাজ করছে শিক্ষকরা বিষয়টি জানতে পারলে তাদের সন্তানদের পরীক্ষায় ক্ষতি হবে।

অতিরিক্ত কেন্দ্র ফি’র বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার ও মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খানের বক্তব্যে একটা মিল পাওয়া যায়। তারা জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।