মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মিয়ার রাসেল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে বুধবার ভোররাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে মধুখালী থানায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি ও রাসেল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী মিয়া জানান, পৌর এলাকার পশ্চিম গোন্দারদিয়ায় অবস্থিত আমার বিস্কুট ফ্যাক্টরিতে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির একাংশসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
মধুখালী থানার ওসি কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
