পৃথক অভিযোগে ছয় পুলিশকে দণ্ড

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে টাকা ছিনিয়ে নেয়া ও নারীর ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগের দুটি পৃথক ঘটনায় ছয়জন পুলিশ কর্মীর দণ্ড হয়েছে। সাজাপ্রাপ্তরা হচ্ছেন: মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ক্যাম্পের এসআই মাহফুজুল হক, এএসআই মোঃ নুরুন্নবী, কনস্টেবল হোসেন আলি, কনস্টেবল সোহেল রানা এবং ঝিনাইদহ সদর থানার এএসআই রাজু আহমেদ ও কনস্টেবল  মুসা তারেক। পুলিশ জানায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর চুয়াডাঙ্গা শহরের ওয়াজের আলি ১৬ লাখ টাকা নিয়ে বাসযোগে যশোর যাচ্ছিলেন। পথে মহেশপুর উপজেলার দত্তনগর ক্যাম্পের এসআই মাহফুজুল হক, এএসআই নুরুন্নবী ও দুই কনস্টেবল সাদা পোশাকে তাকে বাস থেকে নামিয়ে ১৬ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তাকে দত্তনগর পুলিশ ক্যাম্পে নিয়ে এসে ভয়ভীতি দেখিয়ে ৯ লাখ নিয়ে বাকি ৭ লাখ টাকা ফেরত দেন। বিষয়টি জানাজানি হয়। মিডিয়াতে এ খবর প্রচারিত হয়। অবস্থা বেগতিক দেখে তারা বাকি ৯ লাখ টাকাও ফেরত দেন। অপরদিকে গত ২৭ জানুয়ারি এক নারীর ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে সদর থানার এএসআই রাজু আহমেদ ও কনস্টেবল মুসা তারেককে সাসপেণ্ড করা হয়েছে। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বিভাগ নেবে না। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পেতে হবে।