ইসরায়েলের জন্য এই সরকার বিপজ্জনক হবে: নেতানিয়াহু

আপডেট : ০৪ জুন ২০২১, ১২:৩২

পশ্চিম তীরে ইসরায়েলের রাজনৈতিক দলগুলো মিলে যে জোট সরকার গঠনে সম্মত হয়েছে, তাকে ‘বামপন্থি’ সরকার বলে সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু। তিনি মন্তব্য করেছেন, এই সরকার ইসরায়েলের ভবিষ্যতকে বিপদাপন্ন করে তুলবে। প্রস্তাবিত সরকারের বিরুদ্ধে দেশের ডানপন্থিদের একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

জানা যায়, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছানোর পর প্রথম প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে নেতানিয়াহু বলেন, ‘এটি (নতুন সরকার) হলো ইসরায়েল বাসীর জন্য শতাব্দীর সবচেয়ে বড় প্রতারণা। এটি একটি বামপন্থি সরকার। নিশ্চিতভাবেই অদূর ভবিষ্যতে এর কারণে ইসরায়েলের সার্বভৌমত্ব ও জনগণের জীবন-নিরাপত্তা বিপদাপন্ন হবে। আমি নেসেটের (ইসরায়েলের আইনসভা) ডানপন্থি সব সদস্যকে এই সরকারের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। এই বামপন্থিদের রুখে দিন।’

এদিকে, নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠন করতে জোট তৈরি করেছে ৮টি বিরোধী দল। ইয়ামিনা পার্টি ও ইয়েশ আটিডের নেতৃত্বাধীন এই জোটে যুক্ত হয়েছে একটি আরব দল। ইসরায়েলের ইতিহাসে প্রথমবার এমনটা হলো।

আট দলের জোট সরকার গঠণ করার লক্ষ্যে বুধবার রাতে ইসলামি আন্দোলনের দক্ষিণ শাখার রাজনৈতিক দল ইউনাইটেড আরব লিস্ট (রাআম) প্রধান মনসুর আব্বাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইয়েশ আটিড দলের নেতা ইয়ার লাপিদ। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়েছে।

প্রথমবার ইসরায়েলি সরকার গঠণে যুক্ত হচ্ছে আরব দল

বুধবার রাতে জোট গঠণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনে (কেএন) প্রকাশিত এক বিবৃতিতে মনসুর আব্বাস বলেন, যৌথ সরকার গঠণের এই চুক্তির মধ্য দিয়ে লাভবান হবে আরবরা। বিশেষ করে নেগেভ অঞ্চলের বাসিন্দারা। এখানে তাদের জন্য বড় বাজেটেরও বরাদ্দ রয়েছে।

এই প্রথমবারের মতো ইসরায়েল সরকারের সঙ্গে কোনো আরব দল যুক্ত হতে যাচ্ছে। আব্বাস বলেন, এটি খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। এ নিয়ে অনেক বিতর্কও রয়েছে। তবে আমরা বিশ্বাস করি যে, সরকার গঠণের জন্য এটি সুবর্ণ সুযোগ।

আলজাজিরার বরাতে জানা যায়, ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে ডানপন্থী ইয়ামিনা দলের প্রধান বেনেত পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন এবং লাপিদ বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

টুইটারে এক বিবৃতিতে ইয়ার লাপিদ বলেন, এই সরকার ইসরায়েলি সমাজ কে ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর। নতুন সরকার সবার জন্য কাজ করবে, যারা আমাদের পক্ষে তাদের জন্য যারা আমাদের পক্ষে না তাদের জন্যও।

ইত্তেফাক/টিআর