নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
নাচোল উপজেলার নাচোল ইউপি চেয়ারম্যান পদে উপনির্বাচনে মোট আটজন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। এর মধ্যে ছয়জন আওয়ামী লীগের হলেও দলীয় মনোনয়ন নিয়ে ফরম দাখিল করেছেন নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস ছালাম। অন্য দুজন বিএনপির স্বতন্ত্র প্রার্থী।
জানা গেছে, বৃহস্পতিবার ছিল মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন। শেষ দিন পর্যন্ত মোট আটজন প্রার্থী চেয়ারম্যান পদে উপনির্বাচন করার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় চিঠি নিয়ে মনোনয়ন ফরম দাখিল করেছেন আবদুস ছালাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেয়া অন্য সাত প্রার্থীর মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের। এরা হলেন— নাচোল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মেশবাহুল হক, ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকন ও আবদুল হালিম এবং আওয়ামী লীগ দাবিদার নাজমা খাতুন। বাকি দুজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এরা হলেন— নাচোল উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম ও বিএনপির অনুসারী ব্যবসায়ী দুরুল হোদা।
উল্লেখ্য, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনায়েতুল্লাহ গত বছরের ২৯ অক্টোবর মারা গেছেন। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
