রাণীনগরে শীতবস্ত্র বিতরণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উপজেলার পারইল ইউনিয়ন, কালীগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় তিনি তালিকাভুক্ত ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, পারইল ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, অফিস সহকারী মাহফিল হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও
পুরস্কার বিতরণী
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুর উপজেলা মুন্সি লাল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে স্কুল কমিটির সভাপতি মোঃ রোস্তম আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি লাইব্রেরিয়ান ও ফাউন্ডেশনের সভাপতি এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী আবদুল হান্নান, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল প্রমুখ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয় ।
নন্দীগ্রামে বিজ্ঞানবিষয়ক
কুইজ প্রতিযোগিতা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা নন্দীগ্রামে বৃহস্পতিবার বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়। এতে উপজেলার ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রথম, বিজরুল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং কাজি আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদরপুরে জিপিএ-৫ প্রাপ্তদের যমুনা সুন্দরী বৃত্তি প্রদান
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ১২জন ছাত্র-ছাত্রীকে বৃহস্পতিবার যমুনা সুন্দরী বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় তাদের বৃত্তি প্রদান করা হয়। সরকারি ইয়াসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র বিশ্বাসের ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে তিনি পুরস্কার বিতরণ করেন।
পলাশে শিক্ষক-কর্মচারী সমিতির বার্ষিক সম্মেলন
পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশ উপজেলার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ৮ম বার্ষিক সম্মেলন শুক্রবার পলাশ আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোঃ সুলতানউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কালব-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এমদাত হোসেন মালেক।
শিক্ষাবৃত্তি প্রাপ্ত দরিদ্র শিক্ষার্থীদের পুনর্মিলনী
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে শুক্রবার শিক্ষাবৃত্তি প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পুনর্মিলনী ও শিক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনা সভা হয়েছে। শহরের আসপাডা ট্রেনিং একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জি। বিশেষ অতিথি ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন-উদ দৌলা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার যুগ্ম সচিব এ এইচ এম লোকমান, যুব উন্নয়নের উপ-পরিচালক ফারজানা পারভীন প্রমুখ।
সরকারি শিশু পরিবারে আভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
রংপুর অফিস সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবার বালক ও বালিকাদের আভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে শুক্রবার। রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব এর উদ্বোধন করেন। জেলা সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবা অধিদপ্তর রংপুর বিভাগীয় উপ-পরিচালক অনীল কুমার বর্মন। পরে সরকারি শিশু পরিবারের বালক ও বালিকা শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করে এবং শারীরিক কসরত প্রদর্শন করে। সন্ধ্যায় একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মণিরামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা মণিরামপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন শুক্রবার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র অ্যাড. শহীদ মো. ইকবাল হোসেন, বাসদের সভাপতি মধূসূদন মণ্ডল প্রমুখ।
সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের চিকিত্সার জন্য আর্থিক সহায়তা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র সাব্বিরের চিকিত্সার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে পরিবহন স্ট্যান্ড কমিটি ও রাখাল পরিষদ। বৃহস্পতিবার স্কুলছাত্র সাঈদ মুনতাসির সাব্বিরের বাবা মুনসুর আলী সরদারের কাছে পরিবহন স্ট্যান্ড কমিটি ও রাখাল পরিষদের নেতারা নগদ ২১ হাজার ৫শ’ টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পরিবহন স্ট্যান্ড কমিটির সভাপতি আজিজুর রহমান লাভলু ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন রিপনসহ কমিটি ও পরিষদের সকল সদস্য।
মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুর উপজেলার ২৫নং বড়দাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ শামীম আল মামুন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ ইমরান হোসেন প্রমুখ।
হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০১৮ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শুক্রবার সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়াও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানসহ জেএসএসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আজগর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন প্রমুখ।
মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শ্যামগ্রাম ইউনিয়নের মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, মহোনী কিশোর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোস্তাক আহম্মদ।
০
