চট্টগ্রামে এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর ডিলারদের ধর্মঘটের ঘোষণা

আপডেট : ০৪ জুন ২০২১, ২২:২৯

বিইআরসির সিদ্ধান্ত না মেনে এলপি গ্যাস কোম্পানিগুলোর ‘মূল্য নৈরাজ্যের’ প্রতিবাদে আগামী ২০ ও ২১ জুন গ্যাস উত্তোলন না করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মহানগর এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর ডিলার অ্যাসোসিয়েশন। বিইআরসির বেঁধে দেওয়া মূল্যে গ্যাস দেওয়া না হলে তারা অনির্দিষ্টকালের আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তারা বিইআরসির সর্বোচ্চ বিক্রয়মূল্য নির্ধারণকে সাধুবাদ জানিয়ে বলেন, কোম্পানিগুলো এই সিদ্ধান্তকে বৃদ্ধাগুলি দেখিয়ে তাদের ইচ্ছানুযায়ী গ্যাস বিক্রি করছে। ফলে এলপি গ্যাস ডিস্ট্রিবিউটররা বেশি মূল্যে গ্যাস ক্রয় করে কম মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছেন। সভায়  সিদ্ধান্ত গৃহীত হয় যে, কোম্পানিগুলোকে বিইআরসির নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করতে বাধ্য করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হবে। সেই সঙ্গে সর্বস্তরের এলপি গ্যাস ব্যবসায়ীরা আন্দোলনের অংশ হিসেবে আগামী ২০ ও ২১ জুন কোম্পানির একাউন্টে টাকা জমা দেবে না এবং এলপি গ্যাস উত্তোলন ক্রয় বিক্রয়সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবে। এর মধ্যে যদি কোম্পানিগুলো বিইআরসির সিদ্ধান্ত মেনে মূল্য না কমায় তবে অনির্দিষ্টকালের জন্য ডিস্ট্রিবিউটররা এলপি গ্যাস বিক্রি ও উত্তোলন বন্ধ করে দেবে। সংগঠনের সভাপতি আলহাজ সাইফুল আলম সভায় সভাপতিত্ব করেন।