রাজধানীতে সকাল থেকে ঝুম বৃষ্টি

আপডেট : ০৫ জুন ২০২১, ১১:০১

রাজধানীবাসী সকাল থেকে সূর্যের দেখা পায়নি। শনিবার সকাল ৮টা পর্যন্ত আকাশ কালো মেঘে ছেয়ে ছিল। এরপরই নামে ঝুম বৃষ্টি। কয়েক দিনের গরমও কমেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় অফিসগামী যাত্রীদের আজ ভোগান্তি কম। তবে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের বৃষ্টিতে ভিজেই অফিস যেতে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ কমতে পারে।

ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ইত্তেফাক/এএএম