সাঘাটায় ঈদগাহে দেয়াল দেওয়ায় অবরুদ্ধ ২০ পরিবার 

আপডেট : ০৫ জুন ২০২১, ২১:১২

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারোকোনা বাজার গ্রামের ঈদগা মাঠের চারপাশে দেয়াল নির্মাণ করায় প্রায় ২০টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১৬দিন থেকে পরিবারগুলো অবরুদ্ধ অবস্থায় দিন যাপন করছেন। এনিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে অভিযোগ জানিয়েও এর কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঈদগাহ মাঠের দেয়াল নির্মাণ করার পর ওই এলাকার নাহিদ মিয়ার বাড়ির জায়গা দিয়ে ওই ২০ পরিবারের সদস্যরা যাতায়াত শুরু করে। কিন্তু ওই রাস্তাটিও ওই পরিবার সম্প্রতি কাঁটাতার দিয়ে বন্ধ করে দেন।

No description available.

ভুক্তভোগী ছায়দার রহমান বলেন, ঈদগা মাঠের জায়গা তাদের (ওই ২০ পরিবারের) পূর্ব পুরুষদের ছিল। অভাবের কারণে তারা সেই জমি বিক্রি করে দিয়েছিলেন।  

তিনি আরও বলেন, এতদিন ওই ঈদগা মাঠ দিয়ে তারা চলাচল করতো। কিন্তু গত ১৯ মে মাঠের চারদিকে দেয়াল তুলে চলাচল বন্ধ করে দেয় ঈদগা মাঠ কমিটি। ফলে ২০টি পরিবারের অন্তত দুই শতাধিক মানুষ বাড়ি থেকে বাহিরে যাতায়াত করতে পারছেন না। তারা অবরুদ্ধ জীবন যাপন করছেন।

এ বিষয়ে ঈদগা মাঠ কমিটির কেউ কথা বলতে রাজী না হলেও কামালের পাড়া ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলাম বলেন, ঈদগা মাঠের উত্তর দিক দিয়ে চলাচলের রাস্তা দেয়া হয়েছে। কিন্তু নাহিদ নামের এক ব্যক্তির কিছু জমি ওই রাস্তায় পড়ায় তিনি তা কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। 

এ ব্যাপারে কামালের পাড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাহিনুর ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তা দেয়ার জন্য আমরা ঈদগা মাঠ কমিটিকে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা অনুরোধ রাখেননি। তবে আমি এখনো এ বিষয় সমাধানের চেষ্টা করছি।

ইত্তেফাক/এএইচপি