রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের সমেষপুর এবাদ উল্লাহ মিঝি বাড়ি থেকে পঁচা মার্কেট পর্যন্ত ১২শ মিটার দৈর্ঘ্যের সড়ক নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে ঠিকাদার অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার বেলা ১১টায় নির্মাণাধীন সড়কে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রাশেদুল ইসলাম, শিক্ষক আঃ জলিল, সমাজকর্মী ফারুক হোসেন, তোফায়েল আহম্মেদ, সাবেক সেনা সার্জেন্ট বাচ্ছু আঠিয়া, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, কৃষক বাবুল মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন মিঝিসহ শত শত লোক। এসময় তারা জানান, ৩/৪ মাস পূর্বে সংশ্লিষ্ট ঠিকাদার সড়কটি নির্মাণ কাজ শুরু করে। এ রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে। স্থানীয় লোকজন সিডিউল অনুযায়ী কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান গুলশান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান জানান, এলজিইডির কাজ কত ভাগ করা সম্ভব তা আপনারাই ভালো জানেন। স্থানীয় ইঞ্জিনিয়ারসহ কর্তৃপক্ষ যদি টাকা নেয় তাহলে দুইশ মানববন্ধন করেও লাভ হবে না। উপজেলা নির্বাহী প্রকৌশলী শিফাত আহম্মেদ জানান, এ কাজের এখনো কোনো অংশের বিল দেয়া হয়নি। তদন্ত করে অনিয়ম থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহীদ হোসেন ভুঁইয়া জানান, আমি স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে বিষয়টির ব্যাপারে জেনেছি। কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।
