উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
পালংখালী নলবনিয়া গ্রামের মোঃ জাহেদ আলমের ছেলে হামিদুল হককে (২২) পালংখালী বিজিবি সদস্যরা আটক করেছে। বিজিবির নায়েব সুবেদার মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানের পেছনের রান্নাঘরে অভিনব কায়দায় অবস্থানকালে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই দোকান থেকে একটি দেশীয় তৈরি শর্টগ্যান ও একটি কার্তুজ উদ্ধার করে শুক্রবার উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ধৃত ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
সাজাপ্রাপ্ত রোহিঙ্গা আটক
উখিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক রিমন ঘোষের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনার পাড়া এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে মিয়ানমারের মংড়ু জেলার সাত গইজ্জা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে গুরা মিয়াকে (৫০) আটক করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। এএসআই রিমন ঘোষ জানান, তার বিরুদ্ধে বিদেশীয় নাগরিক আইন মামলায় বিজ্ঞ আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
