বিএসটিআইয়ের অভিযান তিন স্টিল কোম্পানিকে জরিমানা

আপডেট : ০৫ জুন ২০২১, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী তিনটি স্টিল অ্যান্ড রি-রোলিং মিল প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা মহানগরীর ডেমরা ও শ্যামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগরীর ডেমরা ও শ্যামপুর এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় মেসার্স আল নূর স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড, মেসার্স সুফিয়া স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস এবং টেকনোসান স্টিল লিমিটেডকে জরিমানা করা হয়। এসব কোম্পানিতে ব্যবহূত ওয়েব্রিজ বা ট্রাক স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে পরিদর্শক মো. রফিক আজাদ অংশ নেন।