ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর দুটি পৃথক এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার খিলক্ষেত ও দক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণখান কাওলা এলাকায় নিহত হয়েছেন নীলকান্তি রায় (২২)। তবে খিলক্ষেতে নিহত নারীর নাম জানা যায়নি। তার বয়স ২২ বছর বলে ধারণা করা হচ্ছে। নিহত নীলকান্তি কাওলা এলাকায় থাকতেন। তিনি কর্মচারী হিসেবে একটি দোকানে কাজ করতেন।
বিমানবন্দরে রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন জানান, খিলক্ষেত কুড়িল বিশ্বরোডসংলগ্ন রেললাইনে একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় অজ্ঞাত নারীর। তার পরনে ছিল ছাপা রঙের একটি বোরখা। অপরদিকে দক্ষিণখানের কাওলা ও আশকোনার মধ্যবর্তী রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় নীলকান্তি রায় নিহত হয়।
