কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫তম জন্মদিন

শিক্ষার্থীদের ভাবনা

আপডেট : ০৬ জুন ২০২১, ২১:১৪

এক-পা দু-পা করে কুমিল্লার সবচেয়ে

বড় বিদ্যাপিঠের ১৫তম জন্মদিন চলে এলো।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে নানা বাধাবিপত্তি

থাকলে ও বর্তমানে জ্ঞানবিজ্ঞানের নানা দিক নিয়ে

পুরো দেশে সুনামের সঙ্গে পথ চলছে শত-সহস্র কুবি শিক্ষার্থী। তাদের কয়েক জনের অনুভূতি

তুলে ধরছে— আবু জাফর

দেখতে দেখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পালন করছে তার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে এক অদম্য গতিতে। যদিও আমাদের রয়েছে নানা সীমাবদ্ধতা। ক্ষেত্র বিশেষে যেমন রয়েছে শ্রেণিকক্ষের সংকট, সংগঠনগুলোর জন্য রুম সংকট। আবার একটা অডিটোরিয়াম, একটা টিএসসি আমাদের স্বপ্নের দাবি। যা একটা বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে সহায়তা করে। তবে বর্তমানে চলছে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ। আমরা আশাবাদী এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা পেতে যাচ্ছি আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত উন্নত এবং সমৃদ্ধ এক ক্যাম্পাস। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তথা বিশ্বের বুকে এক সমৃদ্ধ এবং মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে একদিন আত্মপ্রকাশ করবে আমরা সেই দিনের অপেক্ষায়।

—অর্ক গোস্বামী

নৃবিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

২৮ মে দেশের মধ্য-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপিঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৬তম বর্ষে পদার্পণ করেছে। প্রিয় বিদ্যাপিঠের এই জন্মদিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ২০০৬ সালের ২৮ মে মাত্র ৫০ একর জায়গা নিয়ে দৃষ্টিনন্দন লালমাই পাহাড় ও প্রাচীন সভ্যতার নিদর্শন শালবন বিহারের কোল ঘেঁষে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। দেশের মধ্য-পূর্বাঞ্চলের এ সর্বোচ্চ বিদ্যাপিঠটি মাত্র সাতটি বিভাগে ৩০০ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক ও ৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে এ বিদ্যাপীঠে ছয়টি অনুষদের অধীনে ১৯টি বিভাগে প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ইতিমধ্যে আমরা ১ম সমাবর্তন অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে পেরেছি। দিন দিন ক্যাম্পাসের চেহারাও পরিবর্তন হচ্ছে।

—মাহমুদুল হাসান

বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

শুভ জন্মদিন প্রাণের বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর এক যুগের অবসান ঘটিয়ে ১৫ বছর পেরিয়ে আজ ১৬তম বর্ষে পদার্পণ করেছে কুবি। স্বল্প পরিসরে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হলেও দিনের পর দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রমে আজ তার খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়েছে সারাদেশে। আশা রাখি সময়ের সঙ্গে সঙ্গে বিরাজমান নানা অস্থিতিশীল অবস্থা, বিভিন্ন সীমাবদ্ধতা ও সংকটময় পরিস্থিতি কাটিয়ে সামনের দিনগুলোতে উন্নয়নের বার্তা নিয়ে এগিয়ে যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। চলমান করোনা পরিস্থিতির সংকটময় অবস্থা ছাপিয়ে আবারও প্রাণবন্ত হয়ে উঠুক ৫০ একরের এই প্রাঙ্গণ। মুখরিত হোক এই কাঁঠালতলা, ঐ মুক্তমঞ্চ, দূরের শহিদ মিনার, বৈশাখী চত্বর আর সানসেট ভ্যালি। আমাদের ক্যাম্পাস হয়ে উঠুক সকল শিক্ষার্থীর প্রাণের স্পন্দন।

—সাদিয়া সুলতানা

বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।