চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
ভাষার মাসের প্রথম দিনে জন্মভূমি এলাকার সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুর শহীদ মিনারে প্রতিকৃতি স্থাপন করে ভাষা সৈনিক আব্দুল মতিনকে সম্মান জানানো হয়েছে। ইটিভি একুশে ফোরামের উদ্যোগে নির্মিত জেলার অন্যতম দৃষ্টিনন্দন গোপিনাথপুর শহীদ মিনারের পাশে ’৫২-র ভাষা আন্দোলনের আহবায়ক আজীবন সংগ্রামী প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিনের প্রতিকৃতি স্থাপন করা হয়। শুক্রবার দুপুরে শহীদ মিনার সংলগ্ন গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের দেয়ালে এলাকার সুধী সমাজ, স্কুল-কলেজের ছাত্রসহ স্থানীয়রা প্রতিকৃতিটি স্থাপন করে। এ শহীদ মিনারে ভাষা সৈনিক আব্দুল মতিনের তেলচিত্রের প্রতিকৃতি দেখে সবাই সন্তোষ প্রকাশ করেন।
প্রতিকৃতি স্থাপনের উদ্যোক্তা ইটিভি একুশে ফোরামের উপদেষ্টা স্বপন মির্জা, সংগঠনের সভাপতি আখতারুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু জানান- ভাষা মতিন ২১ পদক, ঢাবির সম্মানসূচক পদকসহ জাতীয়-আন্তর্জাতিক অনেক পদক পেয়েছেন। কিন্তু তার জন্মভূমি এলাকার মানুষ হিসেবে তাকে নিয়ে শুধু আমরা গর্ব করেই গেছি। কিন্তু তাকে সম্মান জানাতে পারিনি। ইচ্ছে ছিল আমাদের নির্মিত শহীদ মিনারটি তাকে দিয়ে উদ্বোধন করানোর। কিন্তু তিনি চিরবিদায় নিয়ে আমাদের ছেড়ে চলে গেলেন। তাই মৃত্যুর পর হলেও আমাদের শহীদ মিনারের পাশে তার স্মৃতিস্বরূপ প্রতিকৃতি আজীবন রাখতে চাই। নতুন প্রজন্মকে জানাতে চাই এই মহা মনীষীর ইতিকথা।
