নেত্রকোনা প্রতিনিধি
মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধান কাজ হচ্ছে উন্নয়নের পাশাপাশি দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত করতে হবে। দেশ থেকে যদি মাদক ও সন্ত্রাস দূর করা যায়, তা হলে বাংলাদেশ শুধু এশিয়াতেই নয়, সারা বিশ্বে সুনাম অর্জন করবে। সরকার এ লক্ষ্যে কাজ করে চলেছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে। শুক্রবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে লায়ন্স ইন্টারন্যাশনাল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে লায়ন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের যুব সমাজকে মাদক থেকে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। পারিবারিকভাবেও এ জন্য কাজ করতে হবে। নিজের সন্তান যাতে মাদকসেবী না হয় সেজন্য বাবা মাকেও সজাগ থাকতে হবে। মাদকের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের সন্তান জেলে পর্যন্ত গেছে। তাই আমরা চাই না যুব সমাজ মাদকাসক্ত হোক।
প্রতিমন্ত্রী বলেন, নেত্রকোনা জেলার সন্তান হিসাবে বলতে চাই, এখানে কোনো প্রকাল জুয়ার আসর বসানো যাবে না। যারা একাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। লায়ন জেলা কমিটির উপদেষ্টা কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও আলোচনা করেন— লায়ন জেলা শাখার সভাপতি লায়ন অসিত রঞ্জন সরকার, সম্পাদক লায়ন বিপুল কান্তি দাস, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল প্রমুখ।
