স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত নতুন গেমিং স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো আরএক্সএইট মিনি’। মিড রেঞ্জের ফোনটিতে আরো থাকছে বড় ডিসপ্লে, শক্তিশালী র্যাম-রম, ফাস্ট চার্জিং, ট্রিপল ব্যাক ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার।
ওয়ালটন সেল্যুলার ফোন মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, এই স্মার্টফোনে ব্যবহূত হয়েছে কোয়ালকম স্নাপড্রাগনের সিক্স সিরিজ প্রসেসর। এতে থাকছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল মেমোরি। ১৮ ওয়াট টাইপ সি ফাস্ট চার্জিংসহ এতে রয়েছে সিকিউরিটি স্লাইডার সুবিধা। ফোনটির পেছনে থাকছে সনি সেন্সরযুক্ত ১২, ৮ এবং ৫ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা।
ফোনটির অন্যান্য কনফিগারেশন ও মূল্য এখনো প্রকাশ করেনি ওয়ালটন। তবে মিড রেঞ্জের ফোনটির দাম ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে হবে বলে জানা গেছে।
