বাঘায় বিষক্রিয়ায় সাংবাদিকসহ দুই জনের মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৬

রাজশাহীর বাঘায় সাংবাদিক এসএম সেলিম আহম্মেদ ভান্ডারির (৩৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার সকালে সেলিমের বন্ধু শ্রী রনি সরকারের (৩৫) মৃত্যু হয়। বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে চিকিত্সকের বরাদ দিয়ে জানিয়েছেন বাঘা থানার ওসি মহাসীন আলী। এ ঘটনায় মাজেদুর রহমান নামে এক হোমিও চিকিত্সককে আটক করেছে পুলিশ। তার হোমিও হল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় হোমিও হল থেকে এলকোহলসহ মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।

সেলিম ভান্ডারি বাঘার মনিগ্রাম এলাকার মৃত শামসুল ইসলাম ভান্ডারির ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যায়যায়দিন এবং রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি একাত্তর টিভির বাঘা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।

নিহত সেলিম ভান্ডারির চাচা কায়েম উদ্দিন জানান, বুধবার রাতে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে সেলিম। বৃহস্পতিবার সকালে প্রথমে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর রামেক হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। সেলিম ভান্ডারির স্ত্রী সোনিয়া জানান, তার স্বামী মারা যাওয়ার আগে বুধবার রাতে মনিগ্রাম বাজারের নিরাময় হোমিও হলে তার বন্ধু রনি এবং মিঠনের সাথে বসে সে রেক্টিফায়েড স্পিরিট সেবন করে বলে তাকে জানিয়েছে। তার ধারণা, ওই স্পিরিটের সাথে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল। এ দিকে মিঠনও (৩৬) বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

ওসি মহাসীন আলী জানান, সেলিম ভান্ডারি ও রনি বুধবার রাতে নিরাময় হোমিও হল ফার্মাসিতে বসে অতিমাত্রায় এলকোহল মিশ্রিত স্পিরিট পান করেন। এরপর তারা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে এবং সকালে নিজ বাড়িতে রনি সরকার মারা যায়। অপরদিকে সেলিম রামেক হাসপাতালে রাতে মারা যান।

 

০