বরিশাল অফিস
যথাযথ সুরক্ষা নিশ্চিতপূর্বক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা। সোমবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ সুলতান মাহমুদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ববি সভাপতি তৌহিদ বাশার প্রমুখ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আগামী ১০ জুন থানায় থানায় ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলে বক্তারা জানান। মানববন্ধন শেষে বরিশাল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহনগর শাখার নেতৃবৃন্দ।
