তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
চলনবিলের নদনদী ও ডোবা-নালায় বর্ষার পানি আসতে শুরু করেছে। নিচু এলাকার ধানের উঠানেও পানি উঠে পড়েছে। কিন্তু এখনো তাড়াশের বিলাঞ্চলে ২৫০ হেক্টর জমির বোরো ধান খেতেই রয়ে গেছে। এ কারণে ধান কাটা নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষকেরা।
সগুনা ইউনিয়নের মাকড়শন গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, ৪০ বিঘা জমিতে তিনি বোরো ধানের আবাদ করেছেন। সেসব জমির ধান পাকতে এখনো সপ্তাহখানেক দেরি আছে। এদিকে বিলের নদনদী ও ডোবা-নালা পানিতে ভরে জমির আইলে পানি ছুঁই-ছুঁই করছে। প্রকৃতিরও বিরূপ আচরণ। দিনে কয়েক বার করে বৃষ্টি হচ্ছে। এরকম অবস্থায় ধান কেটে ঘরে তোলা নিয়ে সংশয় কাটছে না।
কুন্দইল গ্রামের অলিল সরকার বলেন, কিছুটা কাঁচা থাকতেই অনেকে ধান কেটে বাড়িতে আনছেন। কিন্তু বাড়ির উঠানে পানি উঠে পড়ায় ধান মাড়াই করা নিয়ে আরেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, যেসব কৃষকের খেতের অন্তত ৮০ ভাগ ধান পেকে গেছে তাদের দেরি না করে ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে।
