রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৫

হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশ সফরে আসছেন। ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে দায়িত্বরত জোলি মূলত রোহিঙ্গা নারীদের দুর্দশা স্বচক্ষে দেখতেই বাংলাদেশ সফর করবেন। কূটনৈতিক সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি তিনি ঢাকায় আসবেন এবং কক্সবাজারে যাবেন।

বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। সর্বশেষ ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি সেনা চৌকিতে হামলার পর  রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত নিধন অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। সেনাদের হত্যাযজ্ঞ, ধর্ষণ, অগ্নিসংযোগের মুখে এরপর থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। অভিযোগ রয়েছে যে, রোহিঙ্গা নারীদের বিরুদ্ধে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে মিয়ানমার সেনারা।

রোহিঙ্গা নারীদের ওপর পাশবিক নির্যাতনের বর্ণনা শুনে অ্যাঞ্জোলিনা জোলি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। ২০১৭ সালের নভেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কানাডার ভ্যানকুভারে জাতিসংঘ পিসকিপিং মিনিস্টেরিয়েলে জোলি যৌন নিপীড়নের শিকার নারীদের পক্ষে জোরালো বক্তব্য রাখেন। এর আগে যৌন নিপীড়ন বিষয়ক এক বৈঠকে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান রোহিঙ্গা ইস্যুতে জোলির সমর্থন চেয়েছিলেন। এর জবাবে জোলি বাংলাদেশের প্রতিনিধি দলকে জানান, তিনি যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন।